ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান চালিয়ে তিন চীনা নাগরিকসহ ছয়জনকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া উপজেলার সোনারামপুর এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তাদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদন্ড দেওয়া হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন, চীনা নাগরিক ঝানা ইয়াংলিয়াং (৪৪), ঝু শিংলিয়া (৪১), সান বেনহুয়া (৬৩), বাংলাদেশি নাগরিক মোঃ ইফতেয়ার সিকদার (৩৩), মোঃ সোহাগ মিয়া (২৫) ও মোঃ দিদার (২৬)। কারাদন্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রাখিবুল হাসান, আশুগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রাখিবুল হাসান জানান, সোনারামপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধ ভাবে সীসা কারখানা স্থাপন করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিলো। সেখান থেকে সীসা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। সেই কারখানায় সীসা গলানোতে পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়ছিল। বিষয়টি জানতে পেরে অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া বলেন, তারা দোষ স্বীকার করায় তাদের প্রত্যেককে ১৫দিন করে কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।