ফুয়াদ হাসান অভি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নে কৃষিজমি ভরাট ও পরিবেশের অপূরণীয় ক্ষতি সাধনের অভিযোগে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যক্তিকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) পরিচালিত এ অভিযানে শ্যামবাড়ী গ্রামের আবু তাহেরের ছেলে রতন মিয়া (৩২)-কে ১ লাখ টাকা এবং নবীনগর উপজেলার কনিকাড়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে মো. সোহরাফ (৪২)-কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার সম্পূর্ণ অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়েছে।
অভিযান চলাকালে ড্রেজিংয়ের কাজে ব্যবহৃত পাইপের সংযোগ বিচ্ছিন্ন করে বিনষ্ট করা হয়, যাতে পুনরায় অবৈধভাবে বালু উত্তোলন বা কৃষিজমি ভরাটের কার্যক্রম পরিচালনা করা না যায়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।
তিনি জানান, কৃষিজমি রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং অবৈধ ড্রেজিং কার্যক্রম বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশবিধ্বংসী ও কৃষিজমি নষ্টকারী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।