প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৩:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
কসবায় এসএসসি পরীক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার ৯নং ওয়ার্ডের বগাবাড়ি এলাকায় এক এসএসসি পরীক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বিয়ের জন্য প্রস্তুত খাবার এতিমখানায় বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বাল্যবিবাহের অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শিশু কনের পিতার কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। জানা গেছে, বরের বাড়ি পাশের আখাউড়া উপজেলায়। তিনি প্রবাসে কর্মরত এবং ছুটিতে দেশে এসে বিয়ের বিষয়টি চূড়ান্ত করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে বর আর ঘটনাস্থলে আসেননি।
পরে কনের পিতা মুচলেকা দিয়ে লিখিতভাবে অঙ্গীকার করেন, মেয়ের বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত তার বিয়ে দেওয়া হবে না।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি মেয়েদের স্বাস্থ্য, শিক্ষা ও ভবিষ্যতের জন্য মারাত্মক ক্ষতিকর। সরকার বাল্যবিবাহ রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কেউ এ ধরনের অপরাধে জড়িত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে এবং বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাই।”
উপজেলা প্রশাসন জানায়, বাল্যবিবাহ প্রতিরোধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
© Salda News 24