
ফুয়াদ হাসান অভি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটায় কৃষিজমি হুমকির মুখে ফেলার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৭ এপ্রিল ) বিকেল ৫টার দিকে উপজেলা প্রশাসনের অভিযানে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ের নোয়াপাড়া গ্রামের মোঃ হাসান সরকার কে ৫০ হাজার টাকার এ অর্থদণ্ড করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি ড্রেজার মেশিন ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কেটে আসছিলেন। এতে আশপাশের উর্বর কৃষিজমি ক্ষতির মুখে পড়ে এবং পরিবেশের স্বাভাবিক ভারসাম্য ও জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হয়। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এ ব্যবস্থা নেয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম। তিনি বলেন, “ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি ভরাটের কারণে কৃষিজমি নষ্ট হচ্ছে এবং পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারনে ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থ দন্ড দেওয়া হয়েছে। তিনি আরো বলেন; কৃষিজমি রক্ষা এবং পরিবেশের জীববৈচিত্র্য সংরক্ষণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”