আসন্ন ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), আলিম ও এইচএসসি (ব্যবসা ব্যবস্থাপনা) পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ছামিউল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. ইমন মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তৌহিদ এবং কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের। এছাড়া সভায় বিদ্যুৎ বিভাগ ও ডাক বিভাগের কর্মকর্তাবৃন্দ, উপজেলার ৯টি পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় পরীক্ষাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পরীক্ষা চলাকালীন কেন্দ্রে নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ, প্রশ্নপত্র নিরাপত্তা, নকল প্রতিরোধ ও মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধসহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা প্রশাসনের তথ্যমতে, চলতি বছর কসবা উপজেলার ৯টি কেন্দ্রে মোট ৩,১০৯ জন পরীক্ষার্থী এইচএসসি, আলিম ও ব্যবসা ব্যবস্থাপনা পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে রয়েছে ৭টি উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্র, ১টি আলিম মাদ্রাসা কেন্দ্র ও ১টি এইচএসসি (ব্যবসা ব্যবস্থাপনা) কেন্দ্র।
আগামী ২৬ জুন থেকে সারাদেশের মতো কসবাতেও একযোগে শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। উপজেলা প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও সভায় জানানো হয়।