
ফুয়াদ হাসান অভি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উত্তরা ব্যাংক লিমিটেডের গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার মো. আরিফুল ইসলামকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা।
বুধবার (৮ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসোসিয়েশন অব ব্যাংকার্স, ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন এসোসিয়েশন অব ব্যাংকার্স, ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মো. শরীফুল হক, সাধারণ সম্পাদক মো. ছাখীউর রহমান খান, অর্থ সম্পাদক মো. হোসাইন আল ফারুক, বিএবি’র সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম ভূঁইয়া, ব্যাংকার্স ফোরাম কসবার সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন, সহ-সভাপতি মো. নাসির উদ্দিন, অর্থ সম্পাদক মো. ইয়াকুব আলীসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তারা।
বক্তারা বলেন, দায়িত্ব পালন শেষে একজন ব্যাংক কর্মকর্তাকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয় ঘটনা। তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ব্যাংকারদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
এর আগে মঙ্গলবার বিকেলে একই দাবিতে কসবা উপজেলার গোপীনাথপুর বাজার এলাকায় ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।
জানা গেছে, নিহত মো. আরিফুল ইসলাম (৪৫) উত্তরা ব্যাংক লিমিটেডের কসবা উপজেলার গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার ছিলেন। তার বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায়। কর্মস্থলের কারণে তিনি গোপীনাথপুর গ্রামের জহির মেম্বারের বাড়িতে ভাড়া থাকতেন।
ব্যাংক ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম শেষে তিনি কর্মস্থল থেকে ভাড়া বাসায় ফিরছিলেন। গোপীনাথপুর বাজার অতিক্রম করার পর একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।
উত্তরা ব্যাংকের গোপীনাথপুর শাখার ব্যবস্থাপক মো. শওকত হোসেন বলেন, “ব্যাংকের কাজ শেষ করে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় আরিফুল ইসলাম গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।”
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাসেদ বলেন, নিহতের স্ত্রী বাদী হয়ে গোপীনাথপুর গ্রামের আলী মিয়া ও তার স্ত্রীকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।





