প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৪:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২৫, ৫:০৭ অপরাহ্ণ
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি দুই যুবক আহত

বোরহান মো. ইনয়ামুল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি দুই যুবক গুরুতর আহত হয়েছেন। এসময় আরও অন্ততঃ ৫জন যুবক অক্ষত অবস্থায় আহতদেরকে সঙ্গে নিয়ে দেশে ফিরে আসেন।
শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা এলাকার শ্যামপুর সীমান্তে এ ঘটনা ঘটেছে।
এতথ্য নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সুলতারপুর ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান।
গুলিবিদ্ধ যুবক রবিউল (২৮) শ্যামপুর গ্রামের শের আলীর ছেলে অপরজন আজাদ হোসেন (২৬) একই গ্রামের আব্দুল হাকিম মিয়ার ছেলে।
বর্তমানে তারা ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামপুর সীমান্তপথে রবিউল ও আজাদসহ ৭/৮জনের একটি সংঘবদ্ধ দল শনিবার দিবাগত গভীররাতে ভারতে অবৈধ অনুপ্রবেশ করে। এসময়
বাংলাদেশি যুবকরা ওই সীমান্তে ভারতের অভ্যান্তরে প্রবেশ করলে সীমান্তে টহলরত
বিএসএফ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে রবিউল ও আজাদ পিঠে ও মুখে গুলিবিদ্ধ হন। সহপাঠীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, কসবা উপজেলার খাদলা এলাকার শ্যামপুর সীমান্তে এ ঘটনা ঘটে। রবিউল ও আজাদসহ তারা কয়েকজন সংঘবদ্ধ হয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন। এসময় সীমান্তের ১৫০ থেকে ২০০ গজ ভারতের অভ্যান্তরে থাকাবস্তায় বিএসএফ তাদেরকে গুলি চালায়। গুলিবিদ্ধ ওই যুবকদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে। এ বিষয়ে বিজিবি কোম্পানির কমান্ডার পর্যায়ে সীমান্তে বৈঠকের প্রস্তুতি চলছে বলেও তিনি জানিয়েছেন।
© Salda News 24