ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সীমান্ত এলাকা থেকে মাদক ও বিভিন্ন চোরাচালানী মালামালসহ প্রায় ৬৪ লক্ষ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) একটি বিশেষ টহলদল আজ বৃহস্পতিবার (২৯ মে) ভোরে এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২০০১/এমপি হতে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের ভেতরে বিজয়নগর উপজেলার বুধন্তী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ভ্যানিলা ফ্লেভার পাউডার ৬ পিস, ট্যাবলেট ৬,০৬০ পিস, ক্যামোমাইল স্প্রে ১২ পিস, মিল্ক সুথিং জেল ১১ পিস, ইনস্ট্যান্ট ১৩৮ বক্স, ক্যানুলা ৯,৫০০ পিস এবং কাতান শাড়ি ৯ পিসসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
আটককৃত মালামালের মূল্য প্রায় ৬৩ লাখ ৯৮ হাজার ৭৮০ টাকা। বিজিবি জানায়, এসব মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া, গত ২২ থেকে ২৯ মে ২০২৫ পর্যন্ত সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপি (বর্ডার আউট পোস্ট) হতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ১,৩৮৯ বোতল ইস্কফ সিরাপ ও ১১৫.৫ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এসব মাদকদ্রব্য ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।
অভিযান সম্পর্কে সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, ৬৪ লক্ষ টাকা মুল্যের ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। “ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে মাদকদ্রব্য বা কোনো ধরনের চোরাচালানী পণ্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে ২৫ বিজিবি সর্বদা তৎপর রয়েছে। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”