ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলার এক ইঞ্চি মাটিও ভিনদেশীদেরকে ব্যবহার করতে দেয়া হবেনা। দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামীর জন্য নয়।
তিনি গতকাল শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চ ময়দানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জুলাই গণহত্যা, শাপলা চত্বর গণহত্যাসহ সকল হত্যাকাÐের বিচার, ব্রাহ্মণবাড়িয়া সহ সারাদেশে হেফাজতের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার দাবিতে খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাফত মজলিসের সভাপতি মোঃ হাফেজ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক আরো বলেন, ২০২৪ সালের স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা। বাংলাদেশের মানুষের ইতিহাস, আধিপাত্যের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস। এদেশের মানুষ বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে দিল্লির আধিপত্য বাংলার মানুষ বরদাশত করে না। শেখ হাসিনা যখন দিল্লির এজেন্ডা বাস্তবায়নে যুদ্ধ ঘোষণা করেছে, তখন আমরা রক্ত দিয়ে সেই যুদ্ধে জয়ী হয়েছি। ইন্দিরা গান্ধীর কাছ থেকে প্রেসক্রিপশন আনলেন। ভারতীয় সংবিধানের মূলনীতি বাংলাদেশে আনার দস্তখত দিলেন। ৭২-এ নতুন চেতনা দাঁড়া করানো হলো।

তিনি বলেন, আমরা দিল্লির দাসত্ব থেকে ও গোলামী থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামীর জন্য নয়। বাংলার এক ইঞ্চি মাটিও ভিনদেশিকে ব্যবহার করতে দেয়া হবে না। বাংলাদেশ মানবতাবাদী দেশ। যখনই প্রয়োজন, নিপিড়ত মানুষের পাশে দাঁড়িয়েছি।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, মহাসচিব মাওলানা বেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব আল্লামা আহসানুল্লাহ আমির, কেন্দ্রীয় সচিব মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা প্রমুখ।