মো. সাহেন, রাউজান (চট্টগ্রাম)
চট্টগ্রামের রাউজানে দিনে-দুপুরে প্রকাশ্যে গুলি করে মো. সেলিম (৩৫) নামের এক যুবককে হত্যা করেছে মুখোশধারী সন্ত্রাসীরা। রবিবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে কদলপুর ইউনিয়নের ঈশান ভট্টের হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিম কদলপুর ইউনিয়নের শমশেরপাড়া এলাকার আমীর হোসেনের ছেলে।
নিহতের মামা মাস্টার মো. রফিক জানান, সেলিম ইসলামিয়া নতুনপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। সেদিন সকালে এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে স্ত্রীকে নিয়ে পুরাতন বাড়িতে যান। জানাজা শেষে মোটরসাইকেলযোগে স্ত্রীকে সঙ্গে নিয়ে নতুন বাড়িতে ফেরার পথে ঈশান ভট্টের হাট থেকে ওষুধ কিনে হাফেজ বজলুর রহমান সড়কে উঠতেই ঘটে মর্মান্তিক এই ঘটনা।
তিনি বলেন, “সেলিম ওষুধ কিনে মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় দক্ষিণ দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে বোরকা পরিহিত, মুখোশধারী পাঁচজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি চালায়। সঙ্গে সঙ্গে সেলিম ও তার স্ত্রী মাটিতে লুটিয়ে পড়েন।”
প্রত্যক্ষদর্শীরা জানান, গুলি চালিয়ে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। আশপাশের লোকজন এসে গুলিবিদ্ধ সেলিমকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহাজান বলেন, “নিহতের মুখমণ্ডলে শর্টগানের দুটি গুলি লেগেছে। একটি গুলি তার মুখের ডান পাশে লেগে তা ছিন্নভিন্ন করে দেয়। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।”
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “ঘটনাটি নিশ্চিত করে বলা যাচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। বিস্তারিত পরে জানানো হবে।”