
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে আবারও সফল অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে উপজেলার কালাছড়া এলাকা থেকে ৫৭৬ পিস ভারতীয় ইয়াবা, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোনসহ দুই যুবককে আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দিন রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে ব্যাটালিয়নের অধীনস্থ বিষ্ণপুর বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০১৩/এমপি থেকে প্রায় ৮০০ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার কালাছড়া নামক স্থানে অভিযান চালায়। এসময় ০২ জন যুবককে সন্দেহভাজন অবস্থায় তল্লাশি চালিয়ে ইয়াবা, মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধারসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদরের নুর আলী মিয়ার ছেলে মো. আশিকুর রহমান (২৬) এবং একই এলাকার মজনু মিয়ার ছেলে মো. আরিয়ান খন্দকার (২৬)। আটক আসামি ও জব্দকৃত মালামাল যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, “বিজয়নগর, আখাউড়া ও হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত দিয়ে যাতে ভারত থেকে কোনো ধরনের মাদকদ্রব্য বা চোরাচালানী পণ্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে আমাদের নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে। মাদক চোরাচালান রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”




