
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের শীতলপাড়া এলাকায় মানবিক সংগঠন অগ্রভাগীয় সাহিত্য সংগঠন (সি.টি.এল.)-এর ২৪৯তম আর্থিক ও মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ কার্যক্রমের আওতায় ক্যান্সার জনিত জটিল রোগে আক্রান্ত গৃহবধু মাসুমা আক্তার-এর পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।
দীর্ঘদিন ধরে অসুস্থ মাসুমা আক্তারের চিকিৎসা ব্যয় বহনে পরিবারটি আর্থিকভাবে অক্ষম হওয়ায়, সংগঠনের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আশফাতুল হোসেন ভূঁইয়া এলমান এর সভাপতিত্বে রোববার বিকেলে মাসুমা আক্তারের বাড়িতে গিয়ে এই সহায়তা প্রদান করা হয়। এ সময় তিনি সমাজের বিত্তবান ও প্রবাসীদের উদ্দেশে আহ্বান জানান, যাতে মাসুমা আক্তারের উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়।
কসবা মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. সাদ্দাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কসবা মহিলা কলেজের অধ্যক্ষ মো. তছলিম মিয়া, বিশেষ অতিথি ছিলেন, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবুল খায়ের স্বপন, সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন পলা, সৈয়দাবাদ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাদৎ হোসেন সরকার, বিএনপির নেতা মো. বাদল হোসেন, ও রৌশন মিয়া।
সভায় বক্তারা বলেন, সি.টি.এল. শুধু সাহিত্য চর্চায় নয়, সমাজের অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে এক উজ্জ্বল মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা সমাজের বিত্তবান ও প্রবাসীদের আহ্বান জানান, যেন মাসুমা আক্তারের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসে সবাই।
সি.টি.এল.-এর প্রতিষ্ঠাতা সভাপতি এলমান বলেন, “আমরা নিয়মিতভাবে সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সমাজের সহৃদয় ব্যক্তিরা যদি সহযোগিতার হাত বাড়ান, তাহলে মাসুমা আক্তারের জীবন রক্ষা করা সম্ভব।”
সংগঠনটির পক্ষ থেকে অসুস্থ মাসুমা আক্তার এর চিকিৎসায় আগ্রহী সকলকে আর্থিক সহায়তা প্রদানের অনুরোধ জানানো হয়েছে। সহায়তা পাঠানো যাবে বিকাশ নম্বর: ০১৮৬৬৩৯১৫৮৮।





