⌚আজ রাত ৩:৫২ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আসন পুনর্বিন্যাসে বিজয়নগরের তিন ইউনিয়ন বিচ্ছিন্ন করার খসড়া প্রকাশে তীব্র প্রতিবাদ—ঢাকা-সিলেট মহাসড়কে জনতার বিক্ষোভ ও অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত আসন পুনর্বিন্যাসের খসড়া তালিকায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়ন অন্য আসনে যুক্ত করার প্রস্তাবকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা। এই প্রস্তাবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে হাজারো মানুষ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এর ফলে মহাসড়কে উভয় পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত সর্বদলীয় আন্দোলন বাস্তবায়ন কমিটির ডাকে বিজয়নগর উপজেলার সর্বস্তরের জনগণ দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে ঢাকা-সিলেট মহাসড়কে নেমে আসেন। বুধন্তী বাজারের আশপাশের এলাকায় মহাসড়কে মানবপ্রাচীর গড়ে তোলেন আন্দোলনকারীরা। এতে মহাসড়কের উভয় পাশে অন্তত পাঁচ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়।

আসন পুনর্বিন্যাসের প্রস্তাবে বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়ন—বুধন্তী, চান্দুরা ও হরষপুরকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এ খবরে উপজেলাবাসী চরম ক্ষোভে ফেটে পড়েছে। তাদের দাবি, এটি একটি ‘সাংবিধানিক ও প্রশাসনিক বিভাজনের অপচেষ্টা।’

বক্তারা বলেন, “এই তিনটি ইউনিয়ন ভৌগোলিকভাবে বিজয়নগর উপজেলা সদর ও প্রশাসনিক কেন্দ্রের সবচেয়ে নিকটবর্তী। শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, বাজার, থানা, উপজেলা পরিষদ—সবকিছুতেই এদের অবস্থান সুবিধাজনক। অথচ কোনো যৌক্তিকতা ছাড়াই এসব ইউনিয়ন অন্য আসনে সংযুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।”

বিক্ষোভে বিজয়নগরের বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজার হাজার মানুষ অংশ নেয়। অবস্থান কর্মসূচিতে ছিলেন সর্বদলীয় আন্দোলন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, কৃষক, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণ।

বক্তারা বলেন, “এটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত। এই খসড়া শুধু প্রশাসনিক বিভ্রান্তি নয়, উন্নয়ন কার্যক্রমেও বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আমরা দ্বিখণ্ডিত বিজয়নগরকে চাই না। এই ষড়যন্ত্র প্রতিহত করতে আমরা প্রয়োজনে কঠোর কর্মসূচিতে যাব।”

আন্দোলনকারীদের দাবি, নির্বাচন কমিশনের উচিত ‘এক উপজেলা, এক আসন’ নীতি অনুসরণ করে পুরনো ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন (সদর-বিজয়নগর) ফিরিয়ে আনা। বর্তমান প্রস্তাব শুধুই একটি প্রশাসনিক বিভ্রাট নয়, এটি গণতান্ত্রিক প্রতিনিধিত্বের পরিপন্থী বলেও তারা অভিযোগ করেন।

উল্লেখ্য, গত ৩০ জুলাই নির্বাচন কমিশন দেশের ৪০টি সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস করে খসড়া গেজেট প্রকাশ করে। এতে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের আকার ছোট করে, তাতে অন্তর্ভুক্ত ইউনিয়নের সংখ্যা কমিয়ে দেওয়া হয়। আগামী ১০ আগস্ট পর্যন্ত যে কেউ এই খসড়া তালিকার বিরুদ্ধে আপত্তি জানাতে পারবে। এরপর শুনানি শেষে নির্বাচন কমিশন চূড়ান্ত তালিকা প্রকাশ করবে।

পরে দুপুরের দিকে অবস্থান কর্মসূচি ও অবরোধ শান্তিপূর্ণভাবে শেষ হয়। তবে আন্দোলনকারীরা ঘোষণা দেন, দাবি আদায় না হলে তারা আরও কঠোর কর্মসূচি দেবেন। জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত আসন পুনর্বিন্যাসের খসড়া বাতিলের দাবি জানানো হয়।

64 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD