⌚আজ রাত ৪:৪২ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

খেওড়া আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপনের প্রস্তুতি,  এলামনাই অ্যাসোসিয়েশন সভাপতি আবু বকর সিদ্দিক,  সাধারণ সম্পাদক: মো. বদিউর রহমান

 

মো. সোহরাব হোসেন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খেওড়া আনন্দময়ী উচ্চ বিদ্যালয় পা রেখেছে গৌরবের অর্ধশতকে। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠটির ৫০ বছর পূর্তি উপলক্ষে শুরু হয়েছে বর্ণাঢ্য সুবর্ণজয়ন্তী উদযাপনের প্রস্তুতি। প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে মিলেছে এক আবেগঘন ও স্মৃতিময় মুহূর্ত।

গত শুক্রবার ১৮ জুলাই বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় এক প্রস্তুতি সভা, যেখানে অংশগ্রহণ করেন তিন শতাধিক প্রাক্তন শিক্ষার্থী। কেউ এসেছেন শিক্ষক হয়ে, কেউ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা, কেউবা জনপ্রতিনিধি কিংবা সমাজকর্মী—তবে পরিচয়ের উর্ধ্বে উঠে সবার একটাই নাম, “এই স্কুলের প্রাক্তণ ছাত্র”।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও মেহারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ওলি মিয়া। আয়োজনের শুরুতেই অংশগ্রহণকারী সবাই একে একে নিজেদের পরিচয় দেন। অতীতের স্মৃতিমাখা গল্প, প্রিয় শিক্ষকদের অবদান, সহপাঠীদের সঙ্গে কাটানো দিনগুলো যেন আবার ফিরে আসে হৃদয়ের পর্দায়।

প্রাক্তন শিক্ষার্থীদের আলোচনায় উঠে আসে সুবর্ণজয়ন্তীকে ঘিরে নানা সম্ভাবনার কথা। অনেকে প্রস্তাব দেন স্মৃতিচারণমূলক ম্যাগাজিন প্রকাশ, গুণী শিক্ষক সংবর্ধনা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‌্যালী, মিলনমেলার আয়োজনের। উদযাপনকে সফল করতে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামোর প্রয়োজনীয়তা অনুভব করেন সকলে।

এ লক্ষ্যেই ২৩ সদস্যবিশিষ্ট জুড়ি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গঠন করা হয় “খেওড়া আনন্দময়ী উচ্চ বিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন”। এতে ৭৫ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়, যার নেতৃত্বে রয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।

কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি: আমির হামজা, সাধারণ সম্পাদক: মো. বদিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক: এস. এম. শামীম আক্তার, সাংগঠনিক সম্পাদক: সাকি আজম।  এই কমিটি অচিরেই সুবর্ণজয়ন্তী উদযাপনের তারিখ নির্ধারণসহ বিস্তারিত কর্মসূচি ঘোষণা করবে বলে জানানো হয়। একইসঙ্গে, বিদ্যালয়ের উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যৎ পরিকল্পনাও বাস্তবায়নের আশ্বাস দেন নেতৃবৃন্দ।

78 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD