
সেলিম রেজা, নীলফামারী
‘ তথ্যই শক্তি’ — এই মূলমন্ত্রকে সামনে রেখে নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে তথ্য অধিকারের মাধ্যমে জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি বিষয়ক একটি সচেতনতামূলক সভা। শনিবার (৫ জুলাই) দুপুরে নীলফামারী প্রেসক্লাব মিলনায়তনে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) এ সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির উপদেষ্টা আনোয়ারুল আলম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ অরবিন্দু কুমার বর্ধন, রংপুর বেগম রোকেয়া কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোফাখখারুল ইসলাম এবং নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম।
সভায় স্বাগত বক্তব্য দেন তথ্য অধিকার বাস্তবায়ন কমিটি, নীলফামারীর সাধারণ সম্পাদক বৈশাখী। তথ্য অধিকার আইন ও রিইবের কার্যক্রম নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিইব-এর প্রতিনিধি মো. মতিউর রহমান। মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ ও প্রচার বিষয়ে আলোচনা করেন ফিল্ড অফিসার মো. নজরুল ইসলাম।
বক্তারা বলেন, “তথ্য জানার অধিকার জনগণের সাংবিধানিক অধিকার। এই অধিকারকে বাস্তবে রূপ দিতে হলে প্রয়োজন জনসচেতনতা এবং কার্যকর উদ্যোগ। রিইব সেই কাজটিই করে চলেছে।” তারা আরও বলেন, তথ্য পাওয়া সহজ হলে প্রশাসনের জবাবদিহিতা যেমন বাড়বে, তেমনি দুর্নীতিও কমবে। সভায় বিভিন্ন পেশাজীবী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা তথ্য অধিকার আইন বাস্তবায়নে নিজেদের দায়িত্ব ও ভূমিকা নিয়েও আলোচনা করেন।





