⌚আজ ভোর ৫:৩৯ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আশুগঞ্জে সড়ক ও রেলসেতুর পিলারে ধাক্কা লেগে পাথরবাহী বাল্কহেড ডুবে গেছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক ও দুটি রেলসেতুর পিলারে ধাক্কা খেয়ে মেঘনা নদীতে ডুবে গেছে সিলেকশন পাথরবোঝাই একটি বাল্কহেড। আজ শনিবার (১৪ জুন) ভোর পাঁচটার দিকে আশুগঞ্জ-ভৈরব নৌরুটে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো প্রাণহানি বা নিখোঁজের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে নৌপুলিশ।

জানা গেছে, সরাইল উপজেলার অরুয়াইল এলাকা থেকে সিলেকশন পাথর নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ‘এমভি রিফাত ইসলাম’ নামের বাল্কহেডটি। এটি অরুয়াইলের মো. সাইমনের মালিকানাধীন। ভোরে আশুগঞ্জ পৌঁছালে বাল্কহেডটি প্রথমে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ৩ নম্বর পিলারে, পরে পুরাতন রেলসেতুর ২ নম্বর পিলারে এবং সর্বশেষ নতুন রেলসেতুর ২ নম্বর পিলারে ধাক্কা খায়। পরে সেটি কাছাকাছি নোঙর করা একটি জাহাজের সঙ্গেও ধাক্কা খায়। একের পর এক ধাক্কায় বাল্কহেডটির মাঝখান ভেঙে গেলে সেটি মেঘনার পানিতে তলিয়ে যায়।

ঘটনার সময় বাল্কহেডে থাকা সব শ্রমিক ও কর্মচারী নিরাপদে তীরে উঠে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ভৈরব নৌ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. রাশেদ জানান, “ঘটনার খবর পেয়ে নৌপুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বাল্কহেডটিতে সিলেকশন পাথর ছিল এবং এটি ঢাকার দিকে যাচ্ছিল।”

এ বিষয়ে বিআইডব্লিউটিএ-এর আশুগঞ্জ-ভৈরব বাজার নৌবন্দরের পরিদর্শক মো. মহিউদ্দিন বলেন, “ঘটনাটি ভোরে ঘটেছে। বাল্কহেডটি উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

44 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD