
আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী মো. আতাউর রহমান সরকার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
সোমবার (২৩ জুন) রাতে কসবা উপজেলা মডেল মসজিদের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় কসবা উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কসবা উপজেলা জামায়াত ইসলামের আমির অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির পীরজাদা শিবলী নোমানী, সহকারী সেক্রেটারি মানিক মিয়া, কসবা পৌর জামায়াতের আমির মো. হারুনুর রশিদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মো. আতাউর রহমান সরকার বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মোড়। আমরা জনগণের ভোটের মাধ্যমে ন্যায়বিচার, শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। এ লক্ষ্যেই আমি প্রার্থী হয়েছি।”
তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ ও জাতির বিবেক। আপনারা স্বাধীনভাবে কাজ করছেন বলেই সাধারণ মানুষের কথা উঠে আসে। আমি আপনাদের সহযোগিতা, গঠনমূলক সমালোচনা এবং বাস্তবচিত্র তুলে ধরার আহ্বান জানাই। জনসম্পৃক্ততা ছাড়া কোনো রাজনীতি টেকসই হয় না।”
সভায় বক্তারা বলেন, দেশে বর্তমানে যে রাজনৈতিক অস্থিরতা ও দ্বন্দ্ব বিরাজ করছে, তার স্থায়ী সমাধান গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমেই সম্ভব। ইসলামী আদর্শে বিশ্বাসী জামায়াতে ইসলামী সবসময় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জনগণের অধিকার আদায়ে সচেষ্ট।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. আতাউর রহমান সরকার জানান, নির্বাচনী প্রচার-প্রচারণা এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। তবে জনগণের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও পরামর্শ চলছে। তিনি বলেন, “আমি বিশ্বাস করি, যদি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়, তাহলে জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে।”
সভা শেষে সাংবাদিকদের পক্ষ থেকে এলাকার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগ তুলে ধরা হয়। এতে মো. আতাউর রহমান সরকার আশ্বাস দেন, নির্বাচিত হলে তিনি জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবেন এবং কসবা-আখাউড়ার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।





