
রিফাত হোসাইন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তফজ্জল আলী ডিগ্রি কলেজে আজ বৃহস্পতিবার (২২ মে) সকালে এক প্রাণবন্ত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. ছামিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা পৌর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও কসবা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আবদুল হান্নান এবং কসবা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কলেজের অভিভাবক মো. আলমগীর কবির।

শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. আলমগীর ওসমান ভূঁইয়ার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কলেজের শিক্ষক মো. মোবারক হোসেন ভূঁইয়া, হাসিনা জান্নাত, মমতাজ আলী রিপন, মো. সোহরাব হোসেন, অভিভাবক রাহেলা বেগম ও মো. জামাল উদ্দিন এবং শিক্ষার্থী প্রতিনিধি মো. জুয়েল।
বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, প্রযুক্তি ব্যবহার, পাঠদানে অভিভাবকদের সম্পৃক্ততা এবং শিক্ষক-অভিভাবক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বর্তমান যুগে শুধুমাত্র পাঠ্যপুস্তকের জ্ঞান যথেষ্ট নয়, শিক্ষার্থীদের মানবিক গুণাবলি ও বাস্তব জীবনের দক্ষতা অর্জনেও এগিয়ে আসতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ছামিউল ইসলাম বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে নিতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। তফজ্জল আলী ডিগ্রি কলেজে এই সমন্বয় আমরা দেখতে পাচ্ছি, যা খুবই আশাব্যঞ্জক।”





