
জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জামিনে কারামুক্ত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান।
কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, বিকাল চারটার দিকে জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছায়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর স্বজনরা তাকে কারাগার থেকে নিয়ে যান।
এর আগে দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, শুনানির সময় তাকে সশরীরে আদালতে হাজির করা হয়নি। তার পক্ষে আইনজীবীরা জামিনের পক্ষে শুনানি করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর লালবাগ এলাকায় সংঘটিত সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় মামলাটি দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছিল।
জানা গেছে, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘর্ষে হত্যাচেষ্টাসহ গুরুতর অপরাধের অভিযোগে তাকে আসামি করা হয়।
এর আগে গত মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আদালতে হাজির করা হলে পুলিশ রিমান্ড আবেদন করে এবং আসামিপক্ষ জামিন চায়। আদালত উভয় আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার ধারাবাহিকতায় জামিন পাওয়ার পর তিনি কারামুক্ত হন।





