
দেশের বিশিষ্ট আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই। রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টা ৫০ মিনিটে রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
তার ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লিভারজনিত জটিলতার কারণে গত ১১ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার ও সহকর্মী সূত্রে জানা গেছে, মরহুমের প্রথম জানাজা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে দ্বিতীয় জানাজা শেষে আগামীকাল সোমবার তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন আইনজীবী আকসির এম চৌধুরী।
উল্লেখ্য, গত বছরের ১২ আগস্ট তার সহধর্মিণী ও ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম ইন্তেকাল করেন।
ব্যারিস্টার শফিক আহমেদ দেশের আইন অঙ্গনে একজন প্রথিতযশা ব্যক্তিত্ব ছিলেন। তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে আইন অঙ্গনসহ বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।





