⌚আজ রাত ২:১৮ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা–সিলেট মহাসড়কে ৩৪ কিলোমিটারজুড়ে যানজট: জনভোগান্তির চরমে

ফোয়াদ হাসান অভি

ব্রাহ্মণবাড়িয়ার ওপর দিয়ে যাওয়া ঢাকা–সিলেট মহাসড়কে আজ বুধবার সকাল থেকে অন্তত ৩৪ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। সরাইল উপজেলার বিশ্বরোড মোড় এলাকায় চলমান সংস্কারকাজ, সড়কের গর্ত এবং একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ায় এই যানজট শুরু হয়। এতে দুপুরের পর মহাসড়কের যান চলাচল কার্যত অচল হয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টার দিকে বিশ্বরোড মোড় গোলচত্বর এবং কুট্টাপাড়া এলাকায় চলমান সংস্কারকাজের কারণে যানবাহন চলতে থাকে ধীরগতিতে। দুপুর ১২টার দিকে একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান বিকল হয়ে গেলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দুপুর একটার দিকে স্থানীয় চালক ও শ্রমিকদের সহায়তায় ভ্যানটি সরিয়ে নেওয়া সম্ভব হলেও ততক্ষণে মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়।

বেলা দুইটার পর সরাইল উপজেলার বেড়তলা থেকে বাবিউড়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। সাড়ে তিনটার দিকে এই যানজট আশুগঞ্জ, বিজয়নগর, সরাইল ও সদর উপজেলার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে, যা শেষ পর্যন্ত ৩৪ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হয়।

বিশ্বরোড মোড় এলাকাটি আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০.৫৮ কিলোমিটার দীর্ঘ উন্নয়নাধীন মহাসড়কের অংশ। ২০১৭ সালে এ উন্নয়নকাজ শুরু হলেও ধীরগতির কারণে আজও তা শেষ হয়নি। ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করছে।

সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন যাত্রী ও চালকেরা। ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রাবাহী একটি বাসের চালক জাহিদুল ইসলাম বলেন, “ভৈরব পার হওয়ার পর থেকে যানজটে পড়েছি। বিশ্বরোড মোড় পার হতে না পারলে ঢাকায় ফিরতেও পারি না। এই জায়গায় এসে আমরা প্রায়ই জিম্মি হয়ে যাই।”

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, “সকাল থেকে একাধিক দুর্ঘটনা ও যানবাহন বিকলের কারণে যানজট সৃষ্টি হয়। প্রাণহানিও ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন যৌথভাবে যানচলাচল স্বাভাবিক করতে কাজ করছে।”

উল্লেখ্য, গত ১৯ ও ২০ মে একই মহাসড়কে টানা দুই দিন ব্যাপক যানজট দেখা দেয়। তখন প্রশাসনের উদ্যোগে গর্তে ইট-বালি ফেলে যানচলাচল স্বাভাবিক করা হয়। কিন্তু সাম্প্রতিক বৃষ্টিতে আবারও গর্তের সৃষ্টি হয়েছে।

61 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD