
রিফাত হোসেন
আগামী ২৬ জুন ২০২৫ থেকে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলাতেও উচ্চমাধ্যমিক (এইচএসসি), আলিম ও এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট) পরীক্ষা শুরু হচ্ছে। সুষ্ঠু, সুন্দর ও স্বাস্থ্যসম্মত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে উপজেলার সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

এ উপলক্ষে কসবা উপজেলার দুটি কেন্দ্র কসবা তফজ্জল আলী কলেজ ও কসবা মহিলা কলেজ—এর চারপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। একইসাথে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযানও পরিচালনা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কসবা পৌরসভার প্রশাসক মোহাম্মদ ছামিউল ইসলাম এর তত্ত্বাবধানে এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তার সরকারি বাসভবন ও আশপাশের এলাকাও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হচ্ছে যাতে এলাকার মানুষকে সচেতন করা যায় এবং পরীক্ষার সময় শিক্ষার্থীদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি না থাকে।


ইউএনও ছামিউল ইসলাম বলেন, “ডেঙ্গু এখন একটি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। আমাদের সকলকে সম্মিলিতভাবে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। বিশেষ করে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রগুলো পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “পরিবারপ্রতি সচেতনতা বাড়ানো জরুরি। সবাইকে নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোনো স্থানে পানি জমে থাকলে দ্রুত তা নিষ্কাশন করতে হবে। ডেঙ্গু মশার প্রজনন রোধে একমাত্র কার্যকর উপায় হচ্ছে পরিচ্ছন্নতা।”
স্থানীয় জনগণকে ডেঙ্গুবাহিত মশার বিস্তার রোধে আরও সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলা, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে।





