
ফুয়াদ হাসান অভি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সীরাত (সা.)অলিম্পিয়াড ২০২৫ এর পুরস্কার বিতরণী ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কসবা উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (১৪ নভেম্বর) কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজ মাঠে এ আয়োজন সম্পন্ন হয়।
দুটি বিভাগে কসবা উপজেলার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের মধ্য থেকে বাছাইক্রমে ১১০ জন মেধাবীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ আল আরিফ। প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ আতাউর রহমান সরকার, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মোজাফফর হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াত ইসলামের যুব ও আইন বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম,কসবা উপজেলা জামায়াত ইসলামের নায়েবে আমীর পীরজাদা মাওলানা শিবলী নোমানী, সাধারণ সম্পাদক মো. গোলাম সরোয়ার,ইসলামী ছাত্রশিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাবেক সভাপতি হাফেজ নুরুল আমীন।
বক্তারা বলেন, সীরাতের আদর্শ ও মহানবী এর জীবনাদর্শই তরুণ প্রজন্মকে নৈতিক ও সুশিক্ষায় গড়ে ওঠার দিশা দেয়। সঠিক দিকনির্দেশনা ও নৈতিকতা চর্চার মাধ্যমে আলোকিত সমাজ নির্মাণে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন। কসবা জুড়ে এ আয়োজনকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়।





