
বোরহান মো. ইনয়ামুল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বায়েক ইউনিয়নের কাশিরামপুর মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হক-এর নির্দেশনায়, কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপারের তদারকিতে এবং কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের-এর সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন এসআই মোহাম্মদ ফারুক হোসেন। তিনি সঙ্গীয় ফোর্সসহ কাশিরামপুর মধ্যপাড়ার একটি বসতবাড়ির পাশে খড়ের পারা থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করেন। পুলিশের উপস্থিতিতে স্থানীয় সাক্ষীদের সামনে মাদকদ্রব্য জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন – মোঃ সুজন মিয়া (২২)। তিনি ওই এলাকার ইমান আলী ও শাহানা বেগমের ছেলে।
অভিযান প্রসঙ্গে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের বলেন, এ ঘটনায় কসবা থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন,“মাদক নির্মূলে কসবা থানা পুলিশ সর্বদা সক্রিয় রয়েছে। গাঁজা উদ্ধার ও মাদককারবারিদের গ্রেপ্তারে আমাদের নিয়মিত অভিযান চলমান আছে। সমাজ থেকে মাদক নির্মূলে সবার সহযোগিতা প্রয়োজন। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”





